গণপ্রস্তাবে ৪১ গুণ বেশি আবেদন পেয়েছে ই-জেনারেশন

৪ ফেব্রুয়ারি, ২০২১ ২১:২৪  
প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) চাহিদার তুলনায় ৪০ দশমিক ৭৬ গুণ বেশি আবেদন জমা পড়েছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১০ টাকা দামের ১ কোটি ৫০ লাখ শেয়ার পুঁজিবাজারে ছেড়ে ১৫ কোটি টাকা তুলতে গিয়ে কোম্পানির আইপিওতে জমা পড়েছে  মোট ৬১১ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার টাকার আবেদন । জমা পড়া এই সংখ্যা চাহিদার চেয়ে ৪০ দশমিক ৭৬ গুণ বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে,এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৪৬৫ কোটি ৬০ লাখ টাকার, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে ৪৬ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ১৬ কোটি ১১ লাখ ৪০ হাজার টাকা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ১১ কোটি ৫২ লাখ টাকার এবং মিউচ্যুয়াল ফান্ড ছাড়া যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৭২ কোটি ৯ লাখ টাকার আবেদন জমা পড়েছে। এর আগে কোম্পানির আইপিও আবেদন ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত জমা নেওয়া হয়েছে। গত ২১ অক্টোবর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭৪৫তম সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানির ডিজিটাল প্লাটফর্ম সল্যুশন, নতুন বাজার উন্নয়ন, আইওটি ভিত্তিক সল্যুশন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে। ই-জেনারেশনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮২ টাকা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ দশমিক ৫৬ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট। ই-জেনারেশন লিমিটেড সফটওয়্যার তৈরি করে এবং তথ্য প্রযুক্তি খাতের পরামর্শক হিসেবে কাজ করে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানির চেয়ারম্যান সৈয়দা কামরুন নাহার আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান। ২০১৯ সালে ই-জেনারেশন মুনাফা করেছে ১০ কোটি ৯০ লাখ টাকা। মোট সম্পদের পরিমাণ ১৩১ কোটি ২৫ লাখ টাকা। সেই হিসেবে রিটার্ন অন অ্যাসেট হচ্ছে ৮ দশমিক ৩০ শতাংশ। নেট প্রফিট মার্জিন ২৯ দশমিক ৯৫ শতাংশ। ২০১৯ সালের হিসেবে শেয়ার প্রতি মুনাফা ১ টাকা ৮২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ২০ টাকা ৫৬ পয়সা। আগের দুই বছর যথাক্রমে ১০ কোটি ৪৯ লাখ ও ৮ কোটি ৬৮ লাখ মুনাফা দেখিয়েছে এ কোম্পানি।